কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আ'গু'ন, একজনের মৃ'ত্যু

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:০৪:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট অভিযানে যোগ দেয়। টানা চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

 

এদিকে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ মানিক নামে একজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]