নিজস্ব প্রতিবেদক
আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। সোমবার (২৬ অক্টোবর) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
সাধারণত নিলাম মানেই অর্থের ঝনঝনানি। বিপুল অর্থ খরচ করে পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিরা। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে থাকছে না এই রীতি। ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হচ্ছে টাকার বদলে পয়েন্টে।
নিলামের প্রথম ডাকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। তাকে দলে ভিড়িয়েছে এইস ব্লুস্টার। এছাড়া ওপেনার সৌম্য সরকারের জন্য লড়াই করেছে ওয়ালটন ও ফরচুন। যদিও শেষ পর্যন্ত ৭৫ লাখে বাঁহাতি এই ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।
ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ হোসেন। ওই সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন তিনি। তবুও দল পেয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।
নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। ১ কোটি ৬০ লাখে তাকে নিয়েছে দলটি। তবে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় তানজিদ হাসান তামিম। ২ কোটিতে তাকে দলে নিয়েছে ফরচুন।