কুয়াকাটা সৈকত পরিষ্কারে ছাত্রদল নেতা আমান, সাপ্তাহিক অভিযানের নির্দেশ

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:৩২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:৩২:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

'কুয়াকাটা পর্যটন কার্নিভাল' শেষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এ অভিযানে সৈকতে পড়ে থাকা প্লাস্টিক, ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পর্যটন কার্নিভাল ঘিরে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমের পর সৈকতের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

 

কর্মসূচিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

 

কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, আমানউল্লাহ আমান তৃণমূল ছাত্রদলের প্রাণ। তাঁর নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

 

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সৈকত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখার প্রতিও তিনি আহ্বান জানান।

 

অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও পর্যটনকেন্দ্র। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি প্রতি সপ্তাহে এক দিন সৈকত পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলতে পর্যটকসহ সবার প্রতি আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]