নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করে।
তিন যুবক হলেন: উপজেলার কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে রাতেই ওই তরুণীর কাছ থেকে ঘটনা জেনে ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ভোরে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সম্পৃক্ততার অভিযোগে তিন যুবককে আটক করা হয়। পরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন।
মামলার বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সজল সরকার জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তরুণী ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ওসি তদন্ত সজল সরকার বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। থানায় দায়ের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় তদন্তের পাশাপাশি আইনগত সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ওসি তদন্ত।