নিজস্ব প্রতিবেদক
সোনা কিনে তা বনের নির্জন স্থানে রেখে আসার পরামর্শ দিয়ে নরওয়েতে অভিনব কায়দায় প্রতারণা করা হচ্ছে। বিনিয়োগের অর্থ নিরাপদ রাখা ও সোনার দাম বাড়ার সুযোগ নেওয়ার আশ্বাসে মানুষকে সোনা কিনতে প্ররোচিত করছে প্রতারকরা। পরে নির্দিষ্ট স্থানে সোনা রেখে আসার পর তা চুরি হয়ে যাচ্ছে। এতে সঞ্চয়ের অর্থ হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগীরা।
নরওয়ের আর্থিক সেবা খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিনান্স নরজে এ বিষয়ে সতর্কতা জারি করেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ ধরনের প্রতারণার প্রথম ঘটনাগুলো চলতি বছরের বসন্তে সামনে আসে। পরে রাজধানী অসলো ও আশপাশের শহর এবং দেশটির পশ্চিম উপকূলের বার্গেনেও এ ধরনের ঘটনা ঘটেছে।
প্রচলিত বিনিয়োগ প্রতারণায় সাধারণত ভুক্তভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে বলা হয়। তবে এই কৌশলে প্রতারকেরা সরাসরি সোনা কিনতে উৎসাহিত করে। এরপর বিনিয়োগ সুরক্ষিত রাখার কথা বলে নির্জন বনের নির্দিষ্ট স্থানে সোনা রেখে আসতে বলা হয়। ভুক্তভোগীরা নির্দেশনা অনুযায়ী সোনা রেখে এলে তা নিয়ে পালিয়ে যায় প্রতারকরা।
এ ঘটনায় মোট কত মূল্যের সোনা খোয়া গেছে, তা প্রকাশ করেনি ফিনান্স নরজে। তবে প্রতারণার ধরনটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ভুক্তভোগীরা নিজেদের অর্থ ব্যয় করে সোনা কেনার পর সেটি প্রতারকদের নির্দেশিত স্থানে রেখে আসছেন।
৯৬২ মিলিয়ন ক্রোনার হারিয়েছে ব্যাংক ও গ্রাহকেরা
নরওয়েতে আর্থিক প্রতারণার বিস্তৃত চিত্রও উদ্বেগজনক। ফিনান্স নরজের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির ব্যাংক ও তাদের গ্রাহকেরা বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণায় মোট ৯৬২ মিলিয়ন নরওয়েজীয় ক্রোনার হারিয়েছেন। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি ডলার।
তবে প্রতারণা ঠেকাতেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। সংগঠনটির তথ্যমতে, একই সময়ে ব্যাংকগুলো ৩ দশমিক ৫ বিলিয়ন ক্রোনারের বেশি অর্থের সম্ভাব্য প্রতারণা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।
প্রতারণা ঠেকাতে সচেতনতামূলক প্রচার
এ ধরনের প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করতে ফিনান্স নরজে ও দেশটির বিভিন্ন ব্যাংক ‘নো ওয়ে—ইউ উন্ট ফুল মি’ শিরোনামে একটি সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে।
এই উদ্যোগের মাধ্যমে অপ্রত্যাশিত আর্থিক অনুরোধ পাওয়ার পর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া এবং অস্বাভাবিক কোনো প্রস্তাবের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতারকের দেওয়া আশ্বাসের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে তথ্য যাচাই এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সোনা দীর্ঘমেয়াদে সম্পদ সংরক্ষণের একটি মাধ্যম হিসেবে পরিচিত হলেও এটি চুরি বা প্রতারণার ঝুঁকি থেকে বিনিয়োগকারীকে সুরক্ষা দেয় না। সোনার বাজারমূল্য ওঠানামা করার পাশাপাশি এটি কীভাবে কেনা, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
নরওয়ের এই ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সম্পদও প্রতারণার হাতিয়ার হয়ে উঠতে পারে। বিশেষ করে কোনো মূল্যবান সম্পদ অচেনা ব্যক্তির নির্দেশে নির্জন স্থানে রেখে আসতে বলা হলে সতর্ক হওয়া জরুরি।