নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ভোরে ও শনিবার দিবাগত রাত ২টার দিকে পৃথকভাবে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন; হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) এবং দিনাজপুর জেলার সেতাবগঞ্জ এলাকার ইমরান আলীর ছেলে মিরাজ ইসলাম (১৩)। দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর আলী ও তার ভাগিনা মিরাজ। বিকেল থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে রাতে স্থানীয় একটি পুকুরের (বড় দিঘির) পাড়ে তাদের ব্যবহৃত বাইসাইকেল পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাত ২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোরে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।
হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, তারা দুজনে হয়তো গোসল করার জন্য পুকুরে নেমেছিল। এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।