বিসিবি অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৩:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৩:৫৮:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

 

বিসিবির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আরও তিন মাস সাবেক এই টাইগার অধিনায়কের সঙ্গে বিসিবির চুক্তি আছে। তার মানে এই তিন মাস আশরাফুলকে বিসিবি যে কোনো জায়গায় দায়িত্ব দিতে পারবে বা দিতে পারে। 

 

বিসিবি অন্য কোথাও দায়িত্ব দিলেও তা সাদরে গ্রহণ করবেন বলে জানিয়েছেন আশরাফুল। দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে দায়িত্ব পেয়েছিলাম। তবে আমার বড় পর্যায়ে কোচিংয়ের হাতেখড়ি সবে হয়েছে। আমি জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করেছি। ক্রিকেট বোর্ড আমাকে আর সেই পদে কন্টিনিউ না করে অন্যত্র যদি দিতে চায় বা অন্যত্র আমাকে ব্যবহার করতে চায়, আমি সেটাকে সাদরে গ্রহণ করবো।’

 

সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেন, ‘কারণ আমি মনে করি আমার কোচিং ক্যারিয়ার, বিশেষ করে বড় পরিসরে, সবে শুরু হয়েছে। আবারও বলছি আমি সৌভাগ্যবান যে একবারে জাতীয় দলের ব্যাটিং কোচের মতো বড় পদে কাজ করার সুযোগ আমার হয়েছে। এখন যদি বয়সভিত্তিক, এইচপি কোথাও আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি অবশ্যই করবো। কারণ আমি কোচিংটা করতে চাই এবং কোচিং ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠিত করারও ইচ্ছে আমার আছে।’

 

দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাবেন জানিয়ে আশরাফুল বলেন, ‘জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে না থাকলেই যে আমি মুষড়ে পড়বো, মনমরা হয়ে থাকবো বা এটাকে আমার একটা ডাউনফল মনে করবো তেমন না। আমার যদি ভবিষ্যতে সুযোগ আসে অন্যত্র ভালো কাজ করার, অবশ্যই আমি সেটা গ্রহণ করবো এবং আমি দেশের ক্রিকেটের উন্নয়নে আমি যা জানি, আমি যা বুঝি, সেটা পরবর্তী প্রজন্মের মধ্যে বা নতুন প্রজন্মের মধ্যে বিলিয়ে দিতে প্রাণপণ চেষ্টা করবো। এখন ক্রিকেট বোর্ড আমাকে কোথায় রাখবে বা আদৌ রাখবে কি না সেটা বোর্ডের ব্যাপার।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]