লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হু'ম'কি নেইমারের

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০১:৪৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০১:৪৯:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আবারও মাঠে বিতর্কের জন্ম দিলেন নেইমার। সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথমে প্রতিপক্ষ ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন। এরপর মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেন তিনি। 

 

শনিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে ঘটেছে এ ঘটনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফল ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড এবং মাঠে তার আচরণ।

 

প্রতিপক্ষ ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলায় দ্বিতীয়ার্ধ শুরুর আগমুহূর্তে তিনি লাল কার্ড দেখেছেন। যদিও ওই সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে ফিরে ছিলেন। নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনার পর নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।

 

লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করেন নেইমার। এ সময় নেস্তকে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়কার এক ভিডিওতে নেইমারকে বলতে শোনা যায়, ‘আমরা মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করি। এমন সময় আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম ভুল করে, আমি তখনও কিছু বলিনি, তার আগেই সে তার হাত তুলে বসল। ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’

 

এক ভিডিও বার্তায় সান্তোস সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘প্রথমত, আমি সান্তোসের ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে মাঠ থেকে বের করে দেওয়াটা ন্যায্যই ছিল। দ্বিতীয়ত, আমি আমার দলকে অভিনন্দন জানাই, তারা যোদ্ধার মতো খেলেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। সান্তোসের মূল বৈশিষ্ট্যই তো এটাই। এখন সামনে এগিয়ে যেতে হবে। সাধারণত খেলার মাঠে কী ঘটে, বিশেষ করে খেলোয়াড়দের মধ্যে কোনো বিতর্ক হলে, তা নিয়ে আমি কথা বলি না। যদিও শেষ পর্যন্ত আমাকেই মাঠ ছাড়তে হলো। তবে আজকের ঘটনাটি ছিল অত্যন্ত গুরুতর। আমার মনে হয়, এটি সাধারণ বিতর্কের সীমা ছাড়িয়ে গিয়েছিল।’

 

নেস্তর ফুটবলের প্রয়োজনীয় নিয়মের অপব্যবহার করেছেন উল্লেখ করে ক্ষুব্ধ সান্তোস তারকা বলেন, ‘আমি তাকে কিছুই বলিনি। হ্যাঁ, আমরা একে অপরকে কটূক্তি করছিলাম, কথার লড়াই চলছিল– সেটা ঠিক আছে, ফুটবলে এসব হয়েই থাকে। কিন্তু সে যা করেছে, তা খুবই গুরুতর। আমি মাঠের মাঝখানে মজা করছিলাম, তর্ক করছিলাম, এমনকি অন্য দুই ডিফেন্ডারের সঙ্গেও হাসি-ঠাট্টা করছিলাম। আর সে কি না খেলার মাঠে নিজের সুবিধা আদায়ের জন্য এমন কাজ করল! যদি এটি বর্ণবাদবিরোধী আইন হয়ে থাকে, তবে সে কীভাবে এমনটা করতে পারে? বিষয়টি অবিশ্বাস্য, যা ঘটেছে তাতে আমি খুবই মর্মাহত। আর সে সত্যিই খুব ধূর্ত।’

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]