নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি পৃথক মামলা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপরাধে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ১২টি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস ও একটি কিবোর্ড।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন। অভিযানে ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট ও নগদ ১০ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযান চলাকালে অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।