তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০১:১৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০১:১৫:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

 

রোববার (২৫ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শনিবার ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) সংসদীয় স্টেট সেক্রেটারি বা ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণের প্রস্তুতি চলছে। এমন প্রেক্ষাপটে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারের দ্বিপক্ষীয় আলোচনায় বিশেষ অগ্রাধিকার পাবে।

 

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে জার্মানি। জার্মান দূতাবাস জানিয়েছে, সফরকালে বিদ্যমান সহযোগিতাকে আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে।

 

সফরের সূচি অনুযায়ী, সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপে অংশ নেবেন ড. কফলার। এ ছাড়া তিনি চট্টগ্রামে চলমান জার্মানি-সমর্থিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।

 

সফরকালীন সময়ে ঢাকায় জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন বারবেল কফলার। অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধি, সংস্কৃতি ও সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]