নিজেকে ‘পীরগঞ্জের বিএনপি নেতা’ দাবি, ‘ভাইরাল’ হতে চান ইউএনও

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৫৯:২০ অপরাহ্ন
পেয়ার আলী, ঠাকুরগাঁও:


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার নিজেকে ‘পীরগঞ্জের বিএনপি নেতা’ হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে নিজেকে সারাদেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। সেখানে তিনি ধানের শীষে ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করায়

ভোটারদের ধন্যবাদ জানান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ভোট চান। এ সময় তার পাশে বসে থাকা ইউএনও গোলাম রব্বানী সরদারকে ওই রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে দেখা যায়। দুই মিনিটের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী

সরদার মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারণায়। এভাবে বলেন যে, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ, ঠিক আছে?” তিনি আরও বলেন, “যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।” এ সময় নিজের ওই বক্তব্যের অংশবিশেষ ক্লিপ করে প্রচার করে তাকে ভাইরাল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে? যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে।” এদিকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা,

১৯৭৯ এর ২৫(১) বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে বা রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেন না। একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্যে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]