ঢাকা থেকে মাইক্রোবাসে বরিশাল এসে যুবদলকর্মীকে নৃ'শং'স'ভা'বে কু'পি'য়ে হ'ত্যা, আ'ট'ক ৯

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:৩০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:৩৬:৫৪ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:


বরিশালের উজিরপুরে পূর্ববিরোধের জেরে কাওছার হাওলাদার (৩২) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ আমিন হাওলাদার নামে আরও এক যুবদল কর্মী ও সাবেক প্রবাসী আহত হন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা-কান্দী সড়কের উজিরপুর- কোটালীপাড়া ( গোপালগঞ্জ-বরিশাল) সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কাওছার হাওলাদার উজিরপুর উপজেলার আলমদী গ্রামের মৃত মোনাফছের হাওলাদারের ছেলে।

পেশায় সে একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। তিনি যুবদলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত রাশেদ আমিন জানিয়েছেন, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সাতলা একতা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে নিহত কাওছার ও আশিকুলের সাথে প্রতিপক্ষ নান্না মোল্লা, সজল মোল্লা, মেহেদী মোল্লা ও তাদের চাচা কাঞ্চন মোল্লার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পূর্বে উপজেলার আলমদী এলাকায় সজলকে মারধর করে প্রতিপক্ষ নিহতের লোকজন। ওই ঘটনার জেরে তার ভাই সৌদি আরব প্রবাসী ইকবাল হোসেন নান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিশোধমূলক ও উসকানিমূলক স্ট্যাটাস দেন। ইকবাল গত ২১ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা ও বরিশাল থেকে মাইক্রোবাস এবং তিনটি মোটরসাইকেলে সশস্ত্র

সন্ত্রাসীরা এসে উপজেলার সাতলা-কান্দি সড়কের উজিরপুর- কোটালীপাড়া সীমান্ত এলাকায় একটি ব্রিজের ওপর কাওছার হাওলাদার ও তার ( রাশেদ আমিন) ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তারা ব্রিজের ওপর থেকে পানিতে ঝাঁপ দেন। পরে তারা পাশের হাবিব হাওলাদার নামের একজনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তাদের ধাওয়া করে ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওছার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। দরজার আড়ালে লুকিয়ে প্রাণে বেঁচে যান রাশেদ। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওছার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উত্তেজনা বিরাজ করছে।। উজিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের বহনকারী একটি মাইক্রোবাস পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। আটক ব্যক্তিদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আটকদের যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, হত্যাকাণ্ডের অভিযোগে মোট নয়জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। জড়িত অন্যদের আটকের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]