মহাসড়কের পাশে মিলল নারীর মরদেহ, প্রেসক্রিপশনে শনাক্ত পরিচয়

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:০৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:০৬:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়া এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম রত্না বেগম (৪০)। সঙ্গে থাকা ব্যাগে পাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের উত্তর পাশে মহাসড়কের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। রত্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজাচিসার গ্রামের খা বাড়ির ইয়াসিন খানের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি মানসিক রোগে

ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন রত্না বেগম। পরে মহাসড়কের পাশ থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগে পাওয়া একটি চিকিৎসকের প্রেসক্রিপশন থেকে পরিচয় শনাক্তের সূত্র মেলে। প্রেসক্রিপশনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের। এতে চিকিৎসক অধ্যাপক সরোজ কুমার দাশের নামের পাশাপাশি রত্না বেগমের নাম ও ঠিকানা উল্লেখ ছিল। ওই তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা ওই নারী কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর সঙ্গে থাকা ব্যাগে পাওয়া প্রেসক্রিপশনসহ বিভিন্ন তথ্যের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]