নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন সাহা (৪৩) ও আলাল উদ্দিন (৫৩) নামে দুইজনকে আটক এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঢাকা-রৌমারি সড়কের মধ্যেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রিপন সাহা টাঙ্গাইল জেলার সদর উপজেলার রামচন্দ্র সাহার ছেলে ও আলাল উদ্দিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৃত আব্বাস আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালান। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদ ও প্রাইভেটকারের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল ও আটক দুইজনকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জব্দ মালামালসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।