কালকিনিতে বোরকা পরে হা'ম'লা, হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি তাইজুল নি'হ'ত

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৩:৪৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৩:৫৩:২৩ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতার ধাওয়া ও মারধরে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। নিহত তাইজুল সরদার আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানের সামনে বোরকা পরিহিত চার যুবক একটি অটোরিকশা থেকে নেমে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যায় এবং তাইজুল জনতার হাতে আটক হন। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, হামলায় আহত মহাসিন ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বিশেষ করে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় দফাদার ও বাজার কমিটির সভাপতি ফিরোজ সরদার বলেন, ‘দোকানের সামনে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখে প্রথমে ভেবেছিলাম, তাঁরা নারী ও ভিক্ষা করতে এসেছেন। অটোরিকশা থেকে নেমেই তাঁরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটান। একটি বোমার বিস্ফোরণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তাঁরা জহিরকে কোপাতে শুরু করেন। মিলন চেয়ারম্যান তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর শরীরেও রক্ত লাগে। পরে মহাসিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা ধাওয়া করলে তিনজন পালিয়ে যায়। তাইজুলকে আটক করার পর মারধরে তিনি গুরুতর আহত হন।’ এদিকে স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে অন্য এলাকা থেকে আসা কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, সকালে সাবেক চেয়ারম্যান মিলন সরদার তাঁর লোকজন নিয়ে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের

দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বোরকা পরিহিত চারজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে নিহত তাইজুল, সাইফুল ও আলামিন—এই তিনজনকে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, মহাসিন ও জহিরের সঙ্গে তাইজুলের হাতাহাতি হয়। পরে তাইজুল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করে এবং মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে।

তবে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]