নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন তার এক ছেলে ও ছয় মেয়ে। সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে না পাওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না বলে জানান তারা। এ নিয়ে দিনভর দেনদরবারের পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম আব্দুর রব। ৯৫ বছর বয়সী আব্দুর রব ২০ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রবের ১০ সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তার মেজো ছেলে সালাউদ্দিন ও সেজো ছেলে আলাউদ্দিন বাবার জীবদ্দশায় কৌশলে তার সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেন অন্য সন্তানেরা। এ নিয়ে ভাইবোনদের মধ্যে দূরত্ব ও ক্ষোভ তৈরি হয়। সেই বিরোধের জেরেই বাবার জানাজা ও দাফন আটকে দেন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করা সন্তানেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে জানাজার প্রস্তুতি নেওয়া হলে ছোট ছেলে সাইদুর রহমান ও ছয় মেয়ে দাফনে বাধা দেন। এরপর বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস-বৈঠক হয়। তবে সমঝোতা না হওয়ায় বিষয়টি সন্ধ্যা পর্যন্ত গড়ায়। দিনভর আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুর রবের মরদেহ দাফন করা হয়।
স্থানীয় মসজিদের সভাপতি মো. সামছুল হক বলেন, পরিবার ও সমাজের কাউকে না জানিয়ে দুই ভাই আলাউদ্দিন ও সালাউদ্দিন গোপনে বাবার কাছ থেকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেন বলে অভিযোগ রয়েছে। প্রায় ছয় মাস আগে ছোট ছেলে সাইদুর রহমান বাড়িতে বিদ্যুতের মিটার নামাতে গিয়ে খতিয়ান ও দাগ নম্বরের প্রয়োজন হলে বিষয়টি জানাজানি হয়। এরপর ভাইবোনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত দুই ভাই সেখানে উপস্থিত হননি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ বলেন, বুধবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শ্রীধরপুর গ্রামে মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়। সবার সম্মতিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।