টেকনাফে বসতঘরে ঢুকে গু'লিবর্ষ'ণ, শিশুসহ আ'হত ২

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৫৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৫৯:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের দৃশ্য দেখে ফেলার জেরে স্থানীয় এক ব্যক্তির বসতঘরে ঢুকে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে মান্নান বাহিনীর বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার হাফেজ জয়নালের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় এক শিশুসহ দুই চাচাতো ভাই আহত হয়েছে। তাদের মধ্যে ১২ বছর বয়সী আহমেদ নুরের পেটে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত দুজন হলো মিনাবাজার এলাকার রাজা মিয়ার ছেলে আহমেদ নুর ও মোস্তাকের ছেলে আরাফাত। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

আহতদের চাচা হাফেজ জয়নালের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে মোস্তাক হোয়াইক্যংয়ের মিনাবাজার সীমান্তসংলগ্ন একটি খালে জাঁকিজাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ৭টার দিকে তিনি সীমান্ত পেরিয়ে মিনাবাজার এলাকার ইউসুফ আলীর দুই ছেলে মান্নান ও সালেহকে মাদকের চালান নিয়ে আসতে দেখেন বলে অভিযোগ করেন। এরপর ভয়ে মোস্তাক বাড়িতে ফিরে আসেন।

 

জয়নালের দাবি, মোস্তাক বাড়িতে ফিরে আসার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মান্নান ও সালেহর নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে এসে গুলিবর্ষণ ও হামলা চালায়। এ সময় আহমেদ নুরের পেটে গুলি লাগে এবং আরাফাত ছুরিকাঘাতে আহত হয়।

 

পরিস্থিতির অবনতি হলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ আসছে-এমন খবর পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান জয়নাল।

 

পরে আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত আহমেদ নুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মিনাবাজারের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]