নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে আছে প্রায় ১২৫ বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক ‘পঞ্চরত্ন জোড়া মঠ’। ১৮৯৯ সালে জমিদার বরদাকান্ত মিত্র রায় চৌধুরী নির্মিত এই অনন্য স্থাপত্যটি কেবল হিজলাবাসীর গর্বের প্রতীকই নয়, বরং এটি আমাদের প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত দলিল। তবে দীর্ঘদিনের অবহেলা, সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আজ ধ্বংসের মুখে ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি থেকে প্রায় ৮০ ফুট উঁচু এই জোড়া মঠের চূড়া এবং গায়ে খোদাই করা অসাধারণ কারুকার্য তৎকালীন ভারতীয় সেরা শিল্পীদের নিখুঁত হাতের কারুশিল্পের পরিচয় বহন করে। প্রাচীন আমলের জাঁকজমক আর ইতিহাসের নানা ঘটনার সাক্ষী হয়ে মঠটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও এর বর্তমান করুণ দশা স্থানীয় ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, যদি এই ঐতিহাসিক স্থানটিকে যথাযথভাবে সংস্কার করা হয় এবং এর চারপাশে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়, তবে এটি শুধু হিজলার একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র বা পর্যটন স্পটেই পরিণত হবে না, বরং এটি আমাদের সমৃদ্ধ ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বড় ভূমিকা রাখবে।স্থানীয় সচেতন মহলের জোর দাবি—প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন যেন অবিলম্বে এই ঐতিহ্যবাহী ‘পঞ্চরত্ন জোড়া মঠ’ সংস্কারের উদ্যোগ নেয় এবং একে একটি সংরক্ষিত পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে।