নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র সৈকতের রামুর হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে মারা গেছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকালে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নামলে ঢেউয়ের কবলে পড়ে স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
রামু থানার ওসি একে ফজলুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এবং বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, আমরাও খবর পেয়েছি। তবে, তাদের সঠিক পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। সবিশেষ জানতে আমাদের টিম কাজ করছে। জানা গেলেই গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে, গত ১৭ অক্টোবর সকালে মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রোস্তোরা এন্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০জন নিহত হওয়ার রেষ না কাটতেই তিনজন পর্যটকের সাগরে ডুবে মৃত্যু ভ্রমণপিয়াসীদের অসচেতনতা নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে।