ফের চালু হচ্ছে গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:২৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:২৪:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচির নিবন্ধন চালু করতে দেশটির পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার কথা রয়েছে। তবে নতুন কর্মসূচিতে বাংলাদেশের নাগরিকেরা অংশ নিতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ নির্দেশ দেন। নির্ধারিত সময়ে নিবন্ধন শুরু না হওয়ায় দায়ের করা একটি মামলার শুনানি শেষে এ আদেশ আসে।

 

রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান মামলাটি করে। তাদের অভিযোগ, সময়মতো আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত ডিভি কর্মসূচির কার্যক্রম স্থগিত রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর নিবন্ধন চালু করা হলে কর্মসূচির প্রচলিত নিয়মের সঙ্গে অসংগতি তৈরি হতে পারে।

 

আদালতের নির্দেশে নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু রাখার কথা বলা হয়েছে। তবে আবেদনের নির্দিষ্ট তারিখ, অংশগ্রহণের যোগ্যতা এবং নিবন্ধনপ্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

ডিভি লটারি গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এর মাধ্যমে প্রতিবছর যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। লটারিতে নির্বাচিত ব্যক্তিরা প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

 

এ কর্মসূচিতে আবেদনের ক্ষেত্রে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকা বাধ্যতামূলক নয়।

 

তবে লটারিতে নাম উঠলেই স্থায়ীভাবে বসবাসের অনুমতি নিশ্চিত হয় না। নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত নিয়ম এবং নিরাপত্তা যাচাইয়ের শর্তও পূরণ করতে হয়।

 

বাংলাদেশিদের ক্ষেত্রে মূল অনিশ্চয়তা হলো, ২০২৭ সালের ডিভি কর্মসূচিতে বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় থাকবে কি না। দেশটির নাগরিকেরা আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত হতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নির্দেশনার অপেক্ষা করতে হবে।

 

এ কারণে আগ্রহীদের নিবন্ধন শুরুর তারিখ ও যোগ্য দেশের তালিকা সম্পর্কে সরকারি ঘোষণা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনপ্রক্রিয়া নিশ্চিত হওয়ার আগে কোনো অননুমোদিত ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ লেনদেন না করার বিষয়েও সতর্ক থাকতে হবে। ডিভি লটারির তথ্য ও নিবন্ধনের নির্দেশনা পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dvprogram.state.gov-এ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]