বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রে'প্তার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:৫৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:৫৯:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রাদিয়াদ গাবতলী উপজেলার কামারচট্র এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে লুঙ্গি পরা এক যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেন। পরে তাকে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যেতে দেখা যায়।

 

ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবি দেখে ওই যুবককে শনাক্ত করে পুলিশ। পরে গাবতলীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ওসি রাকিব হোসেন বলেন, গ্রেপ্তারের সময় রাদিয়াদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারেও ছিলেন।

 

ওসি আরও জানান, রাদিয়াদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় অস্ত্র আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অন্য দুটি মামলার একটিতে তাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর মামলার তদন্তেও তার নাম সন্দেহভাজন হিসেবে এসেছে।

 

গ্রেপ্তারের পর রাদিয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]