খেলছিল নানাবাড়ির উঠানে, পুকুর থেকে ৪ বছরের শিশুর লা'শ উ'দ্ধা'র

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০১:৪৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০১:৪৩:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা নামে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হামজা ওই গ্রামের বাসিন্দা মাশরাফিল ওরফে সোহানের ছেলে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে একই গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায় শিশু হামজা। 

 

বুধবার সকালে বাড়ির উঠান ও আশপাশে খেলাধুলা করার সময় কোনো এক ফাঁকে সবার অলক্ষে পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় সে। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে পুকুরে তল্লাশি চালিয়ে নিথর অবস্থায় হামজাকে উদ্ধার করা হয়।

 

স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির অপমৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]