কুষ্টিয়ায় লালন শাহ'র মাজার প্রাঙ্গণ থেকে টাইম বো'মা উদ্ধার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:০৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:০৭:৫৭ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহ'র আখড়াবাড়ি থেকে একটি টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালের দিকে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসব বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এর আগে রবিবার দিবাগত রাত দেড় টার দিকে মাজারে প্রবেশের পথে পানির ট্যাংকের পাশ থেকে এ বোমা উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, ফকির লালন শাহ'র মাজারে প্রবেশপথের ডান পার্শ্বস্থ একটি নারিকেলগাছের পাশ থেকে পেট্রোলভর্তি বোতল, লোহার পাইপ ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, সন্দেহজনক একটি ব্যাগের খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মাজারে আসা সাধুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিষয়ক বিশেষজ্ঞ দলের চার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিদর্শক মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে দলটি তল্লাশি চালিয়ে দু'টি এক লিটার পেট্রোলের বোতল, আধা ইঞ্চি চওড়া ও চার ইঞ্চি লম্বা দু'টি লোহার পাইপ এবং বৈদ্যুতিক তার সংযুক্ত একটি ডিভাইস উদ্ধার করে। খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)

এবং মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বোমা বিশেষজ্ঞ দল এসে আইইডিটি নিষ্ক্রিয় করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সরোয়ার জানান, বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, রাত সোয়া একটা থেকে দেড় টার মধ্যে মাজারের প্রবেশ পথে পানির ট্যাকের পাশ থেকে টাইম বোমা উদ্ধার করা হয়।

বোমাটি উদ্ধারের পর সকাল ৭ টার দিকে নিষ্ক্রিয় করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূর্ব নির্ধাারিত অনুষ্ঠানের কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]