রানীশংকৈল উপজেলার বাচোরে ভিজিডি চালে অনিয়ম

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৫৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৫৭:১০ পূর্বাহ্ন
প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নে সরকারের ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক অসহায় দুস্থ নারী।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গত জুন মাসের চাল বিতরণ। ওই মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন অনেক সুবিধাভোগী। ভুক্তভোগী মিলি,সাজেদা,মরিয়ম,রেজিনা জানান--, "আমরা জুন মাসের চাল পাইনি। ইউনিয়ন পরিষদে কয়েকবার গেছি, শুধু ঘোরাচ্ছে। আমাদের মতো আরও অনেকেই পায়নি। সরকার আমাদের জন্য চাল দেয়, কিন্তু আমরা পাই না।" সরেজমিনে অনুসন্ধানে আরও জানা যায়, শুধু বকেয়া নয়, চলতি মাসের বিতরণেও ওজনে কম দেওয়া হচ্ছে। সুবিধাভোগীদের অভিযোগ, ৩০ কেজির জায়গায় ২৬ থেকে ২৮ কেজি চাল দেওয়া হচ্ছে। অনেক সময় পুরাতন, নিম্নমানের চাল দেওয়া হয়। এছাড়া চাল নেওয়ার সময় বস্তার দাম ও পরিবহন খরচের নামে ২০ টাকা করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন। স্থানীয় সচেতন মহলের মতে, তদারকির অভাব এবং ডিলার ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে এই অনিয়ম চলছে। সরকারের উদ্দেশ্য ছিল গ্রামের অতি দরিদ্র নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। কিন্তু মাঠ পর্যায়ে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

একজন সুবিধাভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা গরীব বলে কি আমাদের কোনো দাম নাই? কার্ড থাকার পরও চালের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়।" এ বিষয়ে বক্তব্য জানতে ৫ নং বাচোর ইউনিয়নের চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং বঞ্চিতদের বকেয়া চাল দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসী অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি এবং নিয়মিত পূর্ণ ওজনে চাল বিতরণের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]