ইনফান্তিনোকে ৪২ প্রশ্ন উয়েফার, দুই সপ্তাহের আল্টিমেটাম

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৩৭:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ৪২টি প্রশ্নের জবাব চেয়েছে উয়েফা। দুই সপ্তাহের মধ্যে সেই সব প্রশ্নের জবাব দিতে ইনফান্তিনোকে সময়সীমাও বেধে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।  

 

সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফা পিস প্রাইজ এবং বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব। মূলত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে প্রশ্নগুলো তুলেছে উয়েফা। 

 

গত ১৯ অক্টোবর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে এসব বিষয় জানিয়ে একটি চিঠি পাঠান,যা দেখেছে খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। সেই চিঠিতে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের’ কথা উল্লেখ করেন থিওডোরিডিস।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপ-স্বত্বের একাংশ বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। তার এই একতরফা পরিকল্পনা জানার পর ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। ব্যাপক বিরোধিতার মুখে ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে আশ্বস্ত করার পর বয়কট তুলে নেয় উয়েফা। তবে ফিফায় ইনফান্তিনোর নেতৃত্ব ও ২০২৭ সালের মার্চে তার পুনর্নির্বাচনের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

 

ইএসপিএন জানিয়েছে, ফিফা কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়াই থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া সুবিধা কে দিয়েছিল, এফএফই প্রথম কবে এবং কার মাধ্যমে প্রকল্প হিসেবে উত্থাপিত হয়েছিল এবং বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য টেলিফোনে কথোপকথনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ইনফান্তিনোর কাছে কী দাবি করেছিলেন-সেসব বিষয়সহ বিভিন্ন প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে চিঠিতে।

 

আট পৃষ্ঠার এই চিঠিতে থিওডোরিডিস গ্রাফস্ট্রমকে লিখেছেন, ‘কাউন্সিল সদস্যদের উত্থাপিত বেশ কিছু মৌলিক প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। যেসব নথিপত্র চাওয়া হয়েছে, সেগুলো সরবরাহ করা হয়নি।’ চিঠিতে আরও বলা হয়, ‘বৈঠকটি নিয়ে ফিফার পরবর্তী বিবৃতি আমাদের নজর কেড়েছে। এফএফই প্রত্যাহার, ভুল স্বীকার এবং “সম্ভাব্য শাসনতান্ত্রিক সংস্কারের” ঘোষণা দিলেও স্পষ্ট করা হয়নি যে সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল বা কেন যথাযথ পর্যায়ে ফিফা কাউন্সিলকে যুক্ত করা হয়নি।’

 

সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে চিঠিতে বলা হয়েছে, ‘বৈঠকে আমাদের প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার আমন্ত্রণ জানানোর পর, আমরা প্রশ্ন ও তথ্য চেয়ে একটি সমন্বিত তালিকা সংযুক্ত করছি। আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিটি প্রশ্নের একটি বাস্তবভিত্তিক লিখিত জবাব এবং সেই সঙ্গে সব সহায়ক নথিপত্র আগামী সোমবার, ২ নভেম্বরের মধ্যে দেওয়ার অনুরোধ করছি।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]