ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে: তিতুমীর

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৭:০৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৭:০৭:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্লাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অতীত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। অন্যদিকে, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে।’

 

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘জুলাই আন্দোলন পর্যন্ত পরিস্থিতিতে দেখা গেছে, শিক্ষিত তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ পায়নি। প্রায় ৪০ শতাংশ মানুষ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিল। যার কারণে ২০০৮-০৯ সালের পর থেকে বিভিন্ন আন্দোলনে তরুণ সমাজ ও নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।’

 

গত ৮ মাসে সরকারের অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করেছে। যার কারণে গত ৮ মাসে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার বাড়তি ব্যয় করতে হয়েছে সরকারকে।’

 

তিনি বলেন, ‘আগামী দিনে ঋণের সুদহার কমানো হবে, যাতে দেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরি হয়। এলডিসি উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে, উত্তরণ-পরবর্তী প্রস্তুতি জোরদার করতে প্রয়োজনীয় সময় পাওয়া যাবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করবে।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]