বরিশালের জামায়াত নেতা হেলালের দিনব্যাপী গণসংযোগ, এতিমখানা পরিদর্শন ও অসুস্থদের খোঁজখবর

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:১৬:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী সাংগঠনিক সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী এ সফরে তিনি দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক, নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়, এতিমখানা পরিদর্শন, অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

সাংগঠনিক বৈঠকে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।

 

তিনি আরও বলেন, বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি কার্যক্রম, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে হবে।

 

সফরের অংশ হিসেবে তিনি জোবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসা পরিদর্শন করেন এবং এতিম শিশুদের খোঁজখবর নেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পবিত্র কোরআনে এতিম ও অসহায় মানুষের প্রতি দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতিম ও মিসকিনদের খাবারের ব্যবস্থা করা এবং দুঃখ-কষ্টে মানুষের পাশে দাঁড়ানো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।

 

তিনি বলেন, যারা এতিম শিশুদের খাবার, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব পালন করছেন, তাঁদের এ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাঁদের এ কাজের উত্তম প্রতিদান দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এতিম শিশুদের শিক্ষা, ভরণপোষণ ও সার্বিক কল্যাণে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

পরে সাংগঠনিক সফরের অংশ হিসেবে কাউনিয়া থানা পরিদর্শন করেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সেখানে কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

 

এ ছাড়া তিনি অসুস্থ হুমায়ুন কবির ও শেখ মহিউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সফরের শেষ পর্যায়ে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া ও মতাসার এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে উঠান বৈঠক ও মতবিনিময় করেন।

 

৩ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর এ সাংগঠনিক সফরে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, মজলিসে শুরা সদস্য শামীম কবির, কাউনিয়া থানা জামায়াতের আমির মো. মোস্তাফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শামীম কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]