ভালো থাকতে সকালে ৩ অভ্যাস মেনে চলেন সামান্থা

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৬:১৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৬:১৬:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দিনের শুরুটা কেমন হচ্ছে, তার প্রভাব পড়তে পারে সারাদিনের মেজাজে। কাজের চাপ, ব্যস্ততা ও দুশ্চিন্তার মধ্যে নিজের জন্য সময় বের করা কঠিন হলেও সকালের কিছু অভ্যাস মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করতে পারে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও প্রতিদিনের রুটিনে এমন তিনটি অভ্যাস ধরে রেখেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সকালের রুটিনের কথা জানিয়েছেন তিনি।

 

সামান্থা বলেন, সকালের রুটিনে অনেক কিছু থাকতে পারে, তবে তার কাছে কয়েকটি অভ্যাস মেনে চলা বাধ্যতামূলক। যেখানেই থাকুন না কেন, এই রুটিন ভাঙেন না তিনি।

 

অভিনেত্রীর ভাষ্য, প্রতিদিন সকালে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা নিজের জন্য সময় রাখেন। এই সময় তার মন ও স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। সারাদিন এত কাজ সামলাতে পারার পেছনেও সকালের এই রুটিনের ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

 

সামান্থার সকালের রুটিনের প্রথম অভ্যাস হলো কৃতজ্ঞতার কথা লিখে রাখা। প্রতিদিন যেসব বিষয় নিয়ে তিনি কৃতজ্ঞবোধ করেন, সেগুলো খাতার এক পাতায় লিখে রাখেন। তবে শুরুতে কাজটি সহজ ছিল না। জীবনের কঠিন সময়ে একজনের পরামর্শে ডায়েরি লেখা শুরু করেন তিনি। তখন মানসিকভাবে ভালো না থাকায় ইতিবাচক বিষয় খুঁজে বের করে লেখাও কঠিন মনে হতো। প্রথম কয়েক মাস অভ্যাসটি ধরে রাখতেও কষ্ট হয়েছিল। পরে ধীরে ধীরে জীবনের পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। সামান্থার মতে, শারীরিকভাবে সুস্থ হওয়ার আগেই তিনি মানসিকভাবে ভালো বোধ করতে শুরু করেছিলেন। এখন ব্যস্ততার মধ্যেও এই অভ্যাস ধরে রাখতে চান তিনি।

 

সকালের দ্বিতীয় অভ্যাস হলো কিছুক্ষণ রোদে সময় কাটানো। ডায়েরি লেখার পর সকালের প্রাকৃতিক আলোয় সময় কাটান অভিনেত্রী। দিনের শুরুতে প্রাকৃতিক আলো শরীরের জৈবিক ঘড়ি বা ঘুম-জাগরণের ছন্দ বজায় রাখতে সহায়তা করে। তবে কতক্ষণ রোদে থাকা উচিত, তা ঋতু, ত্বকের ধরন ও সূর্যালোকের তীব্রতার ওপর নির্ভর করে। তাই দীর্ঘক্ষণ কড়া রোদে থাকার প্রয়োজন নেই।

 

তৃতীয় অভ্যাসটি হলো ধ্যান। ডায়েরি লেখা ও রোদে সময় কাটানোর পাশাপাশি ধ্যানের জন্যও সময় রাখেন সামান্থা। তার মতে, এই অভ্যাসগুলো মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

 

সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা নিজের সকালের রুটিনে ব্যয় করেন অভিনেত্রী। কোথায় আছেন কিংবা কতটা ব্যস্ত, তা বিবেচনায় না নিয়ে অভ্যাসগুলো ধরে রাখার চেষ্টা করেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]