ডে'ঙ্গু প্রতিরোধে পল্লবী মধ্য থানা জামায়াতের মশক নি'ধ'ন কার্যক্রম

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৮:২৪:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৮:২৪:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী মধ্য থানা শাখা। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১১-এর ডি ব্লকে বায়তুল এহতেরাম মসজিদ এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঢাকা শহর অত্যন্ত জনবহুল। এ দেশের মানুষই দেশের সম্পদ। অথচ বিপুলসংখ্যক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। জনস্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হলেও দেশের চিকিৎসাব্যবস্থার বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। উন্নত দেশগুলোর হাসপাতালগুলোতে মানুষ সম্মানজনক আচরণ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়। আমাদের দেশেও মানুষের জন্য এমন চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, এই দেশে মনে হয় আমাদের জন্ম নিয়ে ভুল হয়েছে, যেখানে আমাদের অধিকার নেই। জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সৎ নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যারা জনগণের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়বে না। দুর্নীতিবাজদের নেতৃত্বে না এনে জনগণের কল্যাণে কাজ করবে, এমন যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

 

বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্জ্যকে অভিশাপ হিসেবে না দেখে সম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ জন্য কার্যকর পরিকল্পনা ও বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন।

 

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করতে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। মানুষ যেন অন্যের কাছে হাত না পেতে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য কর্মসংস্থান সৃষ্টি ও যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে।

 

তিনি বলেন, আমাদের একবার পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে দেখুন। আমরা সবাই, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ। নির্বাচিত হলে নগরবাসীর কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলোর সিটি করপোরেশনের কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। নির্বাচিত হলে সেসব দেশের নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে ঢাকাকে আরও পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, মশা নিধনের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী মধ্য থানা জামায়াতের আমির রইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন পরিচালক অধ্যক্ষ নাছির উদ্দিন, থানা সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজন এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল।

 

পল্লবী মধ্য থানা জামায়াতের উদ্যোগে পল্লবী, সেকশন ১১ এর ডি ব্লক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশা নিধনে ওষুধ স্প্রে করার কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]