গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০১:০২:২৭ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গরুর মাংস রান্না ও গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (১৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ছাত্রদলের নেতারা। তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রথম পরিচয় তারা ‘জবিয়ান’। ধর্মীয় পরিচয় ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সব ধর্মের শিক্ষার্থীর নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধা ও সর্বজনীন সহাবস্থানের কেন্দ্র। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন।


কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই সম্প্রীতি বিঘ্নিত হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। চলমান পরিস্থিতিতে সব পক্ষকে ধৈর্য, আত্মসংযম ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘আবেগ বা উসকানির বশবর্তী হয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।’ তারা আরও বলেন, মতপার্থক্য ও বিভেদ ভুলে শিক্ষার্থীদের কল্যাণ, দেশের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক আলোচনা ও শ্রদ্ধাবোধের মাধ্যমেই যেকোনো জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও অধিকারের প্রতি সম্মান জানিয়ে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সম্প্রীতি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনকে দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। প্রসঙ্গত, গত সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে শিক্ষার্থীদের নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। এর মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরুভোজ


কর্মসূচির জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরুটি জবাই করেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]