নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর)বিকালে আয়োজিত এ কর্মসূচিতে ৮টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। শুধু সাময়িক সহায়তা নয় বরং মানুষের জন্য স্থায়ীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় উপকারভোগীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
তিনি উপকারভোগীদের ছাগলগুলো যথাযথভাবে লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
মাওলানা বাবর আরও বলেন, জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন সময়ে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হলে তা তার পরিবার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে। সমাজের প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠলে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেত, বরিশাল সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, চরকাউয়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুল আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।