৯ দেশের গবেষকদের অংশগ্রহণে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩০ অক্টোবর

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:০৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:০৬:১৭ অপরাহ্ন
লামিছা রহমান রাবি প্রতিনিধি রাজশাহী


বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তাজ-উদ্দিন আহমেদ সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ নয়টি দেশের গবেষকেরা অংশ নিয়ে সমসাময়িক বিশ্বের বিভিন্ন আইনগত বিষয়ে নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Sovereignty, Humanity and Law in the Contemporary World’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, দক্ষিণ সুদান, গ্রিস ও নামিবিয়ার গবেষকেরা অংশ নেবেন। সাতটি ভেন্যুতে ২৫টি সেশনে মোট ১২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রবন্ধগুলোর বিষয়বস্তুর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইন, শিশুর অধিকার, সাংবিধানিক অধিকার, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, অপরাধবিজ্ঞান ও ভুক্তভোগীবিদ্যা, ভূমির অধিকার, শ্রম অধিকার, সাইবার আইন, শরণার্থীদের অধিকার, ব্যক্তিগত আইন, মানব পাচার ও চোরাচালান, নারীর অধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন। সম্মেলনের প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি জর্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য মো. এমদাদুল হক, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হক এবং গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা। ধন্যবাদ জ্ঞাপন করবেন একই বিভাগের অধ্যাপক ড. সাইদা আঞ্জু । সম্মেলনের কনভেনর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা বলেন, এ সম্মেলনে নয়টি দেশের গবেষকদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাঁদের গবেষণা প্রবন্ধ জমা দিয়েছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য দেশগুলোর শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। তাঁরা নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। এতে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের পাশাপাশি জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তাঁদের গবেষণা ও পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]