অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৪:২৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৪:২৬:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।

 

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

 

নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফেরার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা এবং কারখানার সম্পদ ঝুঁকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপত্তা বিভাগ ছাড়া কারখানাগুলোর অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো পুনরায় চালুর তারিখ ও সময় পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]