ব্রাহ্মণপাড়া মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:৪১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:৪৩:২৪ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মায়ের রেখে যাওয়া অসহায় দুই শিশুর পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় শিশু দুটির হাতে শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেয় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে শিশু দুটি তাদের বাবা নূর মোহাম্মদ নাছির আলমের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার নূর মোহাম্মদ নাছির আলমের সঙ্গে জেসমিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ইসরাত (৮) ও রোজা মনি (১৮ মাস) নামের দুই কন্যা সন্তানের জন্ম হয়। পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দুই সন্তানকে নিয়ে জেসমিন তার বাবার বাড়িতে বসবাস শুরু করেন এবং সম্প্রতি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই কন্যাশিশুকে নিয়ে ব্রাহ্মণপাড়া বাজারে আসেন জেসমিন আক্তার। পরে মুঠোফোনে সাবেক স্বামী নূর মোহাম্মদ নাছির আলমকে জানান যে তিনি বাজারে এসেছেন এবং যেন শিশুদের নিয়ে যান। তবে ওই সময় নাছির আলম কুমিল্লা শহরে অটোরিকশা চালাচ্ছিলেন। একপর্যায়ে ছোট দুই শিশুকে বাজারের সড়কের পাশে রেখেই চলে যান মা জেসমিন।

এদিকে মাকে কোথাও দেখতে না পেয়ে ব্রাহ্মণপাড়া বাজারের বিভিন্ন জায়গায় কান্নাকাটি ও ছোটাছুটি শুরু করে শিশু দুটি। তাদের অসহায় অবস্থা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে শিশু দুটির চাচি শিরিনা বেগম বাজারে এসে তাদের শনাক্ত করে নিজ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে তাদের বাবা নাছির আলম শিশুদের নিজের হেফাজতে নেন। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ফারুক হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশু দুটির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্যার। তাঁরই নির্দেশনায় মঙ্গলবার থানা পুলিশের পক্ষ থেকে শিশু দুটির জন্য শিশুখাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]