পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের বিশেষ নির্দেশনা

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৮:৪৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৮:৪৩:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আয়োজক ও দর্শনার্থীদের পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পরামর্শের মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করা।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো যাবে না। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, মন্তব্য বা শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশ না করা, সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি তাদের সহজে শনাক্ত করতে আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা বাহুবন্ধনী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণকক্ষে ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০।

ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবির নিয়ন্ত্রণকক্ষের নম্বর ০১৭৭৭৭২০০৯।

এ ছাড়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগের নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]