নিজস্ব প্রতিবেদক
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী হার্ষিত লাভানিয়া। স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে নিচে পড়ে যান তিনি।
চলতি সপ্তাহে সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি ভবনে ঘটনাটি ঘটে। ২০২৪ সালে বিয়ে করেছিলেন হার্ষিত। পারিবারিক মনোমালিন্যের জেরে ছয় মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন এবং একটি ভাড়া ফ্ল্যাটে একা বসবাস করছিলেন।
ঘটনার দিন স্ত্রী তার ফ্ল্যাটের দরজায় কড়া নেড়ে ডাকতে থাকেন। স্ত্রীর সঙ্গে আবার তর্কাতর্কি হবে ভেবে হার্ষিত দরজা খোলেননি। বাইরে থেকে কথা বলার চেষ্টা চালালেও তিনি রাজি হননি। পরে স্ত্রী নিরাপত্তারক্ষীদের ডাকেন দরজা খোলার জন্য।
ঠিক সেই সময় হার্ষিত বারান্দা দিয়ে নিচের তলায় নামার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান এবং গুরুতর আহত হন। এলাকার বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরিবারের সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে ক্রমাগত ঝগড়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। পুলিশ জানিয়েছে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।