নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের নির্দেশনায় এবং উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য এতে অংশ নেন।
অভিযানকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফ্ল্যাটটি তল্লাশি করা হয়। এ সময় পশ্চিম পাশের একটি কক্ষে রাখা চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়। উদ্ধার করা মাদকের মোট ওজন ৩ দশমিক ৪০ কেজি।
এ ঘটনায় মালা বেগম ও তাঁর ছেলে মামুন চোকদারকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সাহিদা বেগম ইতি (৪৮) নামে আরেক নারীকে মামলার আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে ভাটারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।