রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বা'ধা রোধে হাইকোর্টে রিট

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০১:৩৪:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

 

বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

 

রিট দায়েরের পর তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। ‘তৌহিদী জনতা’ পরিচয়ে এসব বাধা প্রদান প্রতিরোধ, সাংস্কৃতিক স্থাপনার সরকারি সুরক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়েই হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে।’ 

 

তিনি আরও বলেন, ‘এই দেশটাকে সোনার বাংলা এবং এর যে সাংস্কৃতিক তথা বাঙালি জাতীয়তাবাদী সত্তা রয়েছে, তা নষ্ট করার উদ্দেশ্যেই আগ্রাসন চালানো হচ্ছে। সরকার যাতে এসব অপতৎপরতা বন্ধে সুরক্ষার ব্যবস্থা করে এবং সাধারণ মানুষ যেন আইনগতভাবে ও স্বাচ্ছন্দ্যে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, রিটে সেই নিরাপত্তাই নিশ্চিত করতে বলা হয়েছে।’ 

 

তিনি অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে একশ্রেণির মানুষ অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।

 

রিট আবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা ও গানসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]