কুড়িগ্রামে চিকিৎসক সালামের বি'রু'দ্ধে ভু'য়া ডিগ্রি ব্যবহারের অ'ভি'যো'গ

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১১:০০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১১:০৪:১০ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অর্জিত এমডি কার্ডিওলজি ডিগ্রি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগপত্রে বলা হয়, ডাঃ মোঃ আব্দুস সালাম যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অনলাইনে অর্থের বিনিময়ে ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট সনদের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।


অভিযোগকারী দাবি করেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে অনুসন্ধান করে ‘Helstone University’ নামে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পরিচয় ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এটিকে অনলাইনভিত্তিক সনদ বিক্রির প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এ ধরনের সনদ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি নিলে রোগীরা বিভ্রান্ত হতে পারেন এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে অনলাইনে অর্জিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসককে ওই ডিগ্রি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। তবে ওই নির্দেশনা অমান্য করে ডিগ্রিটি ব্যবহার অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। চিকিৎসা একটি সংবেদনশীল পেশা। বিশেষ করে হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ ডিগ্রি ও পেশাগত যোগ্যতার যথার্থতা রোগীদের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই সংশ্লিষ্ট সনদের সত্যতা, প্রতিষ্ঠানটির স্বীকৃতি এবং ডিগ্রি ব্যবহারের বৈধতা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



অভিযোগের বিষয়ে ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, “ইউকে থেকে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ডাক্তারি করছেন। আমি করতে সমস্যা কোথায়? সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নেবে। এটা নিয়ে কাদা ছোড়াছুড়ির কী আছে? কুড়িগ্রামের অনেক ডাক্তার আছেন, যারা ডিগ্রি না নিয়েও নামের পাশে ডিগ্রি যুক্ত করেছেন।” এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বলেন, “তদন্তের মাধ্যমে আমরা ডাঃ আব্দুস সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রি ব্যবহার করতে পারবেন।”


বর্তমানে ডাঃ আব্দুস সালাম এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও বলেন, “যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয়, ততক্ষণ এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করার সুযোগ নেই।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]