‘আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত’: নুরুল হাসান সোহান

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:০২:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারলে এই সিরিজে ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জয়েরও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুবাইয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহান বলেন, ‘আমার মনে হয়, দল হিসেবে খেললে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত।’

 

আগামী বছর দেশের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরপর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্বকাপের আসর। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুতি যাচাই এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন সোহান।

 

তিনি বলেন, ‘এশিয়া কাপ এবং পরপরই বিশ্বকাপ, যেহেতু বড় দুটি টুর্নামেন্ট আছে, তার আগে এমন ত্রিদেশীয় ধারাবাহিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছি। দল হিসেবে বললে, অবশ্যই আমাদের এখানে ভালো করা উচিত এবং ফাইনাল জেতা উচিত।’

 

সোহানের মতে, আসন্ন দুই টুর্নামেন্টের আগে এই সিরিজে ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তিনি বলেন, ‘সামনেই এশিয়া কাপ এবং এর পরপরই বিশ্বকাপ। আমার কাছে মনে হয়, এটা একটা ভালো মঞ্চ। এখানে যদি আমরা ভালো করতে পারি, ওই আত্মবিশ্বাসটা আসবে।’

 

সোহানের মতে, দুবাইয়ে গরম থাকলেও দুই দলের জন্যই পরিস্থিতি সমান থাকবে। নিজেদের সামর্থ্য অনুযায়ী কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তির জায়গা নিয়েও সতর্ক বাংলাদেশি এই ক্রিকেটার। আফগানিস্তানের স্পিন আক্রমণকে সমীহ করে সোহান বলেন, ‘তাদের যেটা শক্তির জায়গা, ওই দিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে। স্পিন আক্রমণ তাদের ভালো, হয়তো স্পিনিং উইকেট হতে পারে।’

 

আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট। লিগ পর্বে বাংলাদেশের পরের খেলা ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে। প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একবার করে খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর শারজায় ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]