পরীক্ষায় অ'স'দু'পা'য় অবলম্বনের দা'য়ে রুয়েটের ১২ শিক্ষার্থী ব'হি'ষ্কা'র

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:৫৯:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের তিনজন, ২৪ সিরিজের চারজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন।

 

২১ সিরিজের বহিষ্কৃত দুজন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। ২২ সিরিজের তিনজনের মধ্যে পুরকৌশল বিভাগের দুজন ও যন্ত্রকৌশল বিভাগের একজন রয়েছেন। ২৪ সিরিজের চারজনের মধ্যে পুরকৌশল বিভাগের তিনজন এবং মেকাট্রনিক্স বিভাগের একজন। আর ২৫ সিরিজের তিনজন পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

 

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পুনঃভর্তির মাধ্যমে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 

এদিকে পরীক্ষার হল থেকে জব্দ করা মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সামগ্রী বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এসব জিনিসপত্র তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ফেরত দেওয়া হবে।

 

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।

 

তিনি আরও বলেন, রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে পাঁচবার পর্যন্ত করা হয়েছে। এত সুযোগ দেওয়ার পরও পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের ঘটনা উদ্বেগজনক।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]