সারের ডিলারশিপে অনি'য়'মের অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপে'টা

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:০০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:০০:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তোলায় শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন (৫০) নামে এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন। আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আহমেদ ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য।

 

আহত অপর তিনজন হলেন-উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলার নিয়োগে আবেদন করেন খোরশেদ আহমেদ দোলন ও একই ইউনিয়নের বাসিন্দা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। পরে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে শিবলী সাদিককে ডিলার হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এরপর নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন খোরশেদ আহমেদ। রোববার (১১ অক্টোবর) নগরকান্দা প্রেসক্লাবে ডিলারশিপে বঞ্চিত ব্যক্তিরা সংবাদ সম্মেলন করেন। সেখানে অংশ নিয়ে খোরশেদও তার ইউনিয়নে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করেন। তিনি অর্থের বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

 

খোরশেদের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, এ ঘটনার পর শিবলী সাদিক ক্ষিপ্ত হন। সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় শিবলী সাদিকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

 

ফরিদ আহমেদ মিলন বলেন, ‘সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই এর প্রতিবাদ করায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তাকে বাঁচাতে যাওয়া লোকজনকেও মারধর করা হয়েছে।’ তবে হামলার অভিযোগের বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিবলী সাদিকের বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে খুদে বার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল বলেন, রোববার সারের ডিলারশিপ নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করেই মারামারির ঘটনা ঘটেছে। এতে শিবলী সাদিকের পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মারামারির ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]