নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি বিদেশের মাটিতে স্মরণীয় কিছু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের পেসাররা। বর্তমান দলে থাকা পেসারদের পাশাপাশি আরও মানসম্মত পেসার গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের পাশাপাশি হাসান মাহমুদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাও সম্প্রতি নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং ম্যাচ-জয়ী বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে সালাহউদ্দিন মনে করেন, দেশের শীর্ষস্থানীয় পেসারদের মানের কাছাকাছি আরও কিছু বোলারকে নিয়ে আসা এখন অগ্রাধিকার হওয়া উচিত।
মিরপুরের একাডেমি মাঠে পেসার হান্ট কর্মসূচি চলাকালীন সালাহউদ্দিন বলেন, ‘সেরা পাঁচ-ছয়জন বোলার এখন তাদের সোনালী সময় পার করছেন। তবে বাকিরা সেই পর্যায়ে পৌঁছাতে পারছেন না। খুব ভালো মানের পাঁচ-ছয়জন বোলার আমাদের আছেন। আমাদের লক্ষ্য হলো অন্যদেরও তাদের মানের কাছাকাছি নিয়ে আসা।’ ঘরোয়া ক্রিকেটে মানসম্মত পেস বোলারের সংখ্যা বাড়ানোর ওপরও জোর দেন সালাহউদ্দিন।
তিনি বলেন, পেসারদের একটি শক্তিশালী ভাণ্ডার থাকলে ব্যাটাররা আরও প্রতিযোগিতামূলক বোলিংয়ের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে, যা তাদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে।