রসিকের উন্নয়নকাজের আপডেট ২ মাস পর পর জনগণকে দেয়া হবে : প্রশাসক ডন

আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:২১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:২৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন হলেও এখনই কাজ শুরু হচ্ছে না। প্রকল্পের অর্থ ছাড় পেতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। অর্থ ছাড়ের পর কাজ শুরু হবে এবং এর অগ্রগতি দুই মাস পরপর নগরবাসীকে জানানো হবে বলে জানিয়েছেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে ‘রংপুর নগরবাসী’র ব্যানারে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রশাসক ডন বলেন, প্রকল্পের অর্থ পেতে ন্যূনতম ৩-৪ মাস সময় লাগবে বলে তারা আশা করছেন। অর্থ ছাড় হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তাই আগামীকাল থেকেই রংপুর সিটি করপোরেশনের উন্নয়নকাজ শুরু হয়ে যাবে—এমনটা ভাবার কারণ নেই। তবে কাজ শুরু হলে প্রতি ২ মাস পরপর এর অগ্রগতি জনগণকে জানানো হবে। নগর উন্নয়নে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার নগরের নাগরিকদের কাছ থেকে কর আদায় করে। সেই অর্থ দিয়ে নাগরিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়। নাগরিকেরা নিয়মিত কর দিলে সিটি করপোরেশনের আয় বাড়বে এবং নগরবাসীকে আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে। নিজের


দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে প্রশাসক ডন বলেন, বিগত ৫ বছরে সিটি করপোরেশনের বার্ষিক আয় ছিল প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকা। এই সীমিত আয় দিয়ে নগরবাসীর সব অধিকার ও প্রত্যাশা পূরণ করা কঠিন। তাই সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর পাশাপাশি হাটবাজারসহ বিভিন্ন রাজস্ব উৎসের ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। তিনি আরও বলেন, রংপুর নগরীকে সুন্দর ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। একই সঙ্গে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নগরবাসীর জীবনমান পরিবর্তনে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। প্রশাসক ডন বলেন, রংপুরের উন্নয়নে অনুমোদিত ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি প্রকল্প নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ। এ উন্নয়ন বরাদ্দ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা এবং সাংবাদিকদের লেখনির মাধ্যমে উৎসাহ প্রদানের জন্যও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রংপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য কাওছার জামান বাবলা, বিএনপি


নেতা ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল আলম নাজু, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এলাকার সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও জাসাসের নেতারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]