সম্পত্তির জন্য বাবার জানাজা আ'ট'কে দিল মেয়ে, ম'র'দে'হ পড়ে আছে উঠানে

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:৫৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:৫৫:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে পারিবারিক বিরোধের জেরে আটকে গেছে এক বৃদ্ধের জানাজা ও দাফন। বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ না পাওয়ার অভিযোগ তুলে জানাজায় আপত্তি জানান মেয়ে হালিমা বেগম। এতে বাড়ির উঠানেই পড়ে থাকে ৭৫ বছর বয়সী কৃষক নাজির উদ্দিন বেপারীর মরদেহ।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জানাজার সময় নির্ধারিত থাকলেও বিকেল ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে মরদেহটি উঠানে পড়ে ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত নাজির উদ্দিন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বোয়ালীদহ গ্রামের বাসিন্দা। পেশায় একজন কৃষক ছিলেন। তার এক ছেলে ইদ্রিস আলী (৪৮) ও এক মেয়ে হালিমা বেওয়া (৫০)। গত রোববার বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নাজির উদ্দিন জীবদ্দশায় তার সম্পত্তি ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। সোমবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে উপস্থিত হন। তবে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে জানাজায় বাধা দেন মেয়ে হালিমা।

 

মেয়ে হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। নিজের ভাগের এক বিঘা জমি বুঝে না পাওয়া পর্যন্ত বাবার জানাজা হতে দেবেন না বলে জানান তিনি।

 

অন্যদিকে, নাজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর দাবি, তার বাবা স্বেচ্ছায় তাকে জমি লিখে দিয়েছেন। ওই সম্পত্তিতে বোনের কোনো ভাগ নেই বলেও দাবি করেন তিনি। এ নিয়ে জানাজায় অংশ নিতে আসা স্থানীয় লোকজন সমঝোতার চেষ্টা করলেও তা সফল হয়নি। ফলে সোমবার বিকেল ৩টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে ছিল নাজির উদ্দিনের মরদেহ।

 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিরোধ মিটিয়ে দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করতে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়। পরে সিদ্ধান্ত হয়, মরদেহ দাফনের পর সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে।

 

এ বিষয়ে ধাপেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক এস্তেখার হাসান বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ নিয়ে এক ব্যক্তি তদন্তকেন্দ্রে এসেছিলেন। তার কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছিল। পরে তিনি আর আসেননি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]