মাউন্ট আমাদাবলাম আরোহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশি নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৬:০০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৬:০০:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রেরণা নিয়ে শুরু হওয়া নারী পর্বতারোহণ উদ্যোগ ‘সুলতানার স্বপ্ন অবারিত’-এর আওতায় নেপালের ৬,৮১২ মিটার উচ্চতার মাউন্ট আমাদাবলাম আরোহণের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশি নারী পর্বতারোহী ইয়াসমিন লিসা। সোমবার (১২ অক্টোবর) কাঠমান্ডুর উদ্দেশ্যে তার যাত্রা শুরু হচ্ছে।

 

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে তার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অভিযাত্রী সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই অভিযানের আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করছে এমটিবি ফাউন্ডেশন। এছাড়া এই আয়োজনকে এন্ডোর্স করেছে ইউনেস্কো ঢাকা অফিস।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের মে মাসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে স্থান পায় রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহাসিক সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream)। নারীর স্বাধীনতা, নেতৃত্ব ও মানবিক অগ্রগতির সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এবং কল্পনা থেকে কর্মে—এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে ‘অভিযাত্রী’।

 

খুম্বু অঞ্চলের মাউন্ট আমাদাবলাম অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হলেও এর আরোহণ পথ প্রযুক্তিগতভাবে বেশ চ্যালেঞ্জিং। এই অভিযানে সফল হতে দীর্ঘ প্রস্তুতি, শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতার প্রয়োজন হয়। একক পর্বতারোহী হিসেবে ইয়াসমিন লিসার এই অভিযান দেশের নারী সমাজকে আরও বেশি আত্মবিশ্বাসী ও দূরদর্শী করে তুলবে বলে আয়োজকরা আশাপ্রকাশ করেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা আমেরিকান উইমেন্স ক্লাব (DAWC) এবং হার স্টোরি ফাউন্ডেশন। এছাড়া এমটিবি ফাউন্ডেশন জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও উপকূলীয় অঞ্চলে জলবায়ুবান্ধব অবকাঠামো নির্মাণে যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করেছে অভিযাত্রী।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]