‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৪:৫১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৪:৫১:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে এ কথা বলেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মাহদী আহমদ।

 

রোববার (১২ অক্টোবর) জবানবন্দিতে মাহদী আহমদ বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার পর বিটিআরসির তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজার রহমান তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ওই সময় পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কয়েকটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পলক এ নির্দেশনা দেন বলে তাকে জানানো হয়।

 

সাক্ষী জানান, তৎকালীন মহাপরিচালক মোবাইল অপারেটরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে নির্দেশনা পাঠান। পরে ১৬ জুলাই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একইভাবে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা পলক বিটিআরসির তৎকালীন চেয়ারম্যানকে দেন। চেয়ারম্যান তা মহাপরিচালককে জানালে তিনি মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি এ বিষয়ে জানতে পারেন। তখন তিনি দাপ্তরিক কাজে অফিসে ছিলেন।

 

মাহদী আহমদ আরও বলেন, ১৬ জুলাই একটি পূর্বনির্ধারিত উচ্চপর্যায়ের সভা ছিল। এতে অনলাইনে অংশ নেন তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় তার একটি এজেন্ডা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তবে নিজের তৈরি করা নথি মহাপরিচালকের কাছে দিয়েছিলেন। সেদিন ইন্টারনেট বন্ধের বিষয়ে নথিতে ভূতাপেক্ষ অনুমোদন নেওয়া হয়।

 

জবানবন্দিতে তিনি বলেন, ২৮ জুলাই আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে পলকের সভাপতিত্বে আরেকটি সভা হয়। এতে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এমএফএস সংস্থা ও মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভায় পলক এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানকে চারটি মোবাইল অপারেটরের থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর নির্দেশ দেন। একই সঙ্গে ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসানের ক্যাশ সার্ভার বন্ধ রাখার নির্দেশনা দেন বিটিআরসিকে। পরে ৩১ জুলাই পলক ফেসবুক, টিকটক, আকামাই ও বাইসানের ক্যাশ সার্ভার চালুর নির্দেশ দেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন মাহদী আহমদ।

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিচ্ছেন মাহদী আহমদ। গণ-অভ্যুত্থানের সময় তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]