বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ইটভাটায় তরুণীকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:০৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:০৭:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

শনিবার রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। সাঘাটা থানায় মামলা নথিভুক্তির পর পুলিশ ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বোনারপাড়ায় পৌঁছালে তার ভগিনীপতির পরিচিত বোনারপাড়া হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকতের (২৮) সঙ্গে তার সাক্ষাৎ হয়। সৈকত তাকে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলেন। পরবর্তীতে উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিমকে (২০) সঙ্গে নিয়ে তাকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

 

অভিযোগ মতে, রাত ১০টার দিকে সেখানে ওই দুই যুবক তাকে গণধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সৈকত ও মুস্তাকিমকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের হেফাজতে নেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এছাড়া ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]