সিলেটে মোটরসাইকেল থামিয়ে সাবেক ছাত্রদল নেতাকে হ'ত্যা

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৫:৪৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে থাকা সাদেক মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত সাদেক মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার (১১ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ১ নম্বর রুস্থমপুর ইউনিয়নের গুরাগ্রামের সোনা মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

 

নিহত বদরুল আলম (৩২) উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। একই ঘটনায় আহত সাদেক মিয়া (২৮) লামা হাদারপার (ভৈরবী বস্তী) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ফজরের নামাজের সময় তার সঙ্গে থাকা সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। এসময় দুজনকে ধারালো ছুরি দিয়ে বদরুলকে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন। এতে সোনা মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তার কথা শোনেনি বলে জানান তিনি। পরে সোনা মিয়া স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের ফোন দিলে কেউ ফোন রিসিভ না করায় নিহত বদরুল আলমের আত্মীয় স্বজনদের খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক স্বজনরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত বদরুল আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর পৌনে ৫টার দিকে বদরুল আলমের সঙ্গে থাকা সাদেক আহমদ মুঠোফোনে আমার ছোট ভাই মাহবুবকে ফোন করে বাঁচানোর আকুতি জানায়। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আটকিয়ে স্থানীয় গুরাগ্রামের সাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন তার ভাইয়ের উপর হামলা করে হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওমর ফারুক মোড়ল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই সময় ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেন।

 

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, রোববার ভোর রাত পৌনে ৫টার দিকে বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে অভিযুক্তরা তাদের ওপর হামলা করেছে। এ ঘটনার পর বদরুল আলমকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে গুরুতর আহত সাদেক আহমদ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে এবং কারা সম্পৃক্ত তা এখনও জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]