পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল ন'ক'ল দুধ, দুই প্রতিষ্ঠানকে জ'রি'মা'না

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৩:১৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৩:১৪:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


দুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছিল জেলি, সয়াবিন তেল ও ক্ষতিকর রাসায়নিক। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, অথচ এসব উপকরণ মিশিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ। গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে পাবনার ফরিদপুর উপজেলায় এমন দুটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।


অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলগালা করা হয়েছে একটি ডেইরি ফার্ম। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জেলি, সয়াবিন তেল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ ছিল। তবে প্রশাসনের অভিযানের খবর পেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে এবার ভিন্ন কৌশল নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম পরিচালনার ছদ্মবেশে শনিবার বিকেলে এলাকায় প্রবেশ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। পরে রাতে ভেজাল দুধ তৈরির কার্যক্রম শুরু হলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতেনাতে ধরা হয়। অভিযানে পুরেন্দরপুর উত্তরপাড়ার শামীম হোসেন নামের এক ব্যবসায়ীর দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়।


এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ‘স্বপ্ন ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিন ব্যবহার করে নকল দুধ তৈরির কার্যক্রম চলছিল। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে উপস্থিত হন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানীন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। ঘটনাস্থলে পাওয়া দুই ড্রাম জেলি ও এক ড্রাম পাম অয়েল ধ্বংস করা হয়। ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে রাতে স্বপ্ন ডেইরি ফার্মে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রাসায়নিক ও অন্যান্য উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ভেজাল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত চক্রটি বেশ সতর্ক। এলাকায় ম্যাজিস্ট্রেট প্রবেশের খবর পেলেই তারা উৎপাদন কার্যক্রম গুটিয়ে ফেলে এবং সতর্ক হয়ে যায়। ফলে তাদের হাতেনাতে ধরা কঠিন হয়ে পড়ে। এ কারণে এবার ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]